Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৫, ২০২৫ , ৩:৫১ অপরাহ্ণ

গরম পানি ও মরিচে ঝলসানো নারীর পাশে সেনাবাহিনী, সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা সেবা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি : মানবতা হারিয়ে যায়নি এ কথারই জ্বলন্ত প্রমাণ রাখল বাংলাদেশ সেনাবাহিনী। গেল ২৬ জুন সন্ধ্যায় নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে ঘটেছিল এক নারকীয় ঘটনা। পারিবারিক বিরোধের জেরে হালিমা ও শাহানাজ নামের দুই নারীকে গরম পানি ও মরিচের গুঁড়ো মিশ্রিত তরল ঢেলে ঝলসে দেওয়া হয়। আঘাত করা হয় মাথায়ও। পুড়ে যাওয়া শরীর, চোখেমুখে অসহ্য যন্ত্রণা—সেই রাতে যেন নেমে এসেছিল বিভীষিকা।

এই বর্বর ঘটনায় জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়। তবে দ্রুতই নড়েচড়ে বসে রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল নির্যাতনের সঙ্গে জড়িত ছয়জনকে চিহ্নিত করে অভিযান চালায়। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় তারা। সেনাবাহিনীর এ ত্বরিত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।

আহত দুই নারীর মধ্যে একজন কিছুটা সুস্থ হলেও অন্যজনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার পরিবার জানায়, চিকিৎসার পেছনে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

মানবিকতা ও দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী প্রধান নিজে বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ওই নারীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে এবং সম্পূর্ণ বিনামূল্যে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেয়।

এলাকাবাসী ও স্বজনদের চোখে জল, কণ্ঠে প্রশংসা—“সেনাবাহিনী শুধু সীমানা রক্ষা করে না, বিপদে মানুষের আশ্রয়ও দেয়। তাঁদের এই মানবিক ভূমিকা জাতি কখনো ভুলবে না।”

আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল

প্রিন্ট করুন