মো: সাফায়েত খান ওপেল, ধামরাই প্রতিনিধি : রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
শনিবার সন্ধ্যায় উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ধামরাইয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার এনসিপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতৃবৃন্দ। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়।
তিনি বলেন, পুলিশ এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা যতক্ষণ পর্যন্ত কেউ না জানে, ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি। চাঁদা নিলে পুরষ্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলুম মুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দেশে চাঁদাবাজি থাকবেনা, জুলুম থাকবে না, নারী ধর্ষিত হবে না- এমন এক দেশের জন্য আমরা চেষ্টা করছি।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম (মুকুল), ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল ইসলাম, খোদেজা খানম, আশিক রহমান, কাওছার, লিমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি/স