সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা | Daily AjKaler Kontho

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়—এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহি:প্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের উর্ধ্বে হতে পারে না।’

নির্মম হত্যাকাণ্ডের শাস্তি চেয়ে বিএনপির মহাসচিব বলেছেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, উল্লিখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন।’