Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১০, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ায় লামায় সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ চান মিয়া, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে সকল পর্যটনকেন্দ্রর সকল রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

তিনি বলেন, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের সকল রিসোর্ট পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় খুলে দেওয়া হবে সকল রিসোর্ট।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগামী শুক্র-শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কম হলেও ১৩ জুলাই থেকে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগেও ১ জুন বৈরি আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬০ রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।

আজকালের কন্ঠ/রাহাত/চান

প্রিন্ট করুন