Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৫ , ১১:৩৭ পূর্বাহ্ণ

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের তীব্র সমালোচনা করেছেন। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে তিনি ‘হাস্যকর’ বলে বিদ্রুপ করেছেন।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘উদ্ধত’ এবং ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। ’

সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা।

একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন।

রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো, পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ‘

ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাধ্যতামূলক নীতি’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির ওপর কর-ছাড় বাতিল করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন