Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৫ , ৩:৫৪ অপরাহ্ণ

ধামরাইয়ে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া অভিযুক্ত আসামি মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে গতকাল রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

অপর অভিযুক্ত ফারুক হোসেন (৪৪),মৃত ওফাজ উদ্দিন বেপারী ছেলে সে একই ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা প্রথমে তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে। এরপর গত ১০ এপ্রিল ২০২৫ বিকাল সাড়ে ৩টার দিকে ১ নম্বর অভিযুক্ত মুরাদ হোসেন তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের (২ নম্বর অভিযুক্ত) বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন মুরাদ।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এরপর থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেন তার ভাড়া বাসায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে পাঠানটোলা এলাকায় ফারুক হোসেন তার ভাড়া বাসায় একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করেন।

বিষয়টি নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী পরে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং মামলা রুজু করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিই। ঘটনার এক নম্বর অভিযুক্তকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তকেও গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি/সাফায়েত

প্রিন্ট করুন