মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে গিয়ে বাধা দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ওই পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়েছেন।
আহত মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মোঃ আব্দুল হাই বলেন,
“৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের নিজস্ব জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকেন। আমার বাবা বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে আমার ভাই ও ভাবিকেও মারধর করা হয়, এমনকি আমার মাকেও আঘাত করে হামলাকারীরা।”
বর্তমানে গুরুতর আহত কালু হাজি চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর ছেলে ও পুত্রবধূ ভর্তি আছেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
“আমরা বড়াইগ্রাম থানায় মামলা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি,”—যোগ করেন আব্দুল হাই।
তিনি আরও বলেন, “এই রাস্তা নিয়ে এর আগেও আদালতে মামলা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ধরনের নিরাপত্তা পাইনি। আমরা পরিবার নিয়ে এখন চরম আতঙ্কে আছি।”
এলাকাবাসীর সূত্রে জানা যায়, অভিযুক্ত নুহু নিজেকে একটি এনজিপি দলের সমন্বয়ক বলে দাবি করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সেই পরিচয় ও প্রভাব দেখিয়ে এলাকায় জমি দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, “নুহুর প্রভাব এতটাই বেশি যে, কেউ প্রতিবাদ করলেই মামলা বা হামলার শিকার হয়। প্রশাসন যেন সব দেখেও চুপ।”
এই নির্মম ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তাঁরা বলেন, “আমরা বিচার চাই, নিরাপত্তা চাই। আমরা জানতে চাই—আইনের চেয়ে কি অপরাধীর ক্ষমতাই বড়?
আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল