ময়মনসিংহে জেলা ডিবির অভিযানে অভিনব কায়দায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে জেলা ডিবির অভিযানে অভিনব কায়দায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৩:০০ অপরাহ্ন
ময়মনসিংহে জেলা ডিবির অভিযানে অভিনব কায়দায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে মোট ১৮ কেজি গাঁজা, একটি পিকআপ গাড়ি এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনের অভিনব কৌশল হিসেবে পিকআপ গাড়িতে সিমেন্ট দিয়ে তৈরি স্ল্যাবে গাঁজা লুকিয়ে বহন করা হচ্ছিল।

অভিযান-১: ৩০ জুন ২০২৫ ইং, রাত ১টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময় গাঁজা বহনকারী পিকআপ গাড়ি এবং দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১. শ্রী প্রশান্ত চন্দ্র দেব (৪২), পেশায় গাড়িচালক
২. কার্তিক মোহালী (২৭)

তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গাড়ি ব্যবহার করে মাদক পরিবহনের সাথে জড়িত বলে ডিবি সূত্রে জানা গেছে।

অভিযান-২: এর আগের দিন, ২৯ জুন ২০২৫ ইং রাত ৮টা ১৫ মিনিটে এসআই (নিঃ) পিন্টু কুমার রায় এর নেতৃত্বে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শিকারীকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরও ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ ইব্রাহীম খলিল (৫২)
২. মোঃ ফয়জুর রহমান (২৫)

তারা ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপ গাড়িসহ চারজন আসামির বিরুদ্ধে গৌরীপুর ও কোতোয়ালী থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো