মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিচ্ছন্নতা সংকটে পড়েছে আলীকদম বাজার। গত এক মাস ধরে বন্ধ রয়েছে বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম। এনিয়ে বান্দরবান জেলা পরিষদের বাজার ফান্ড প্রশাসনের প্রতি চরম ক্ষুব্ধ ব্যবসায়ীরা এবং বাজারে আশা ক্রেতা-বিক্রেতাসহ পথচারীরা।
গত ২৯জনু জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই বরাবর খোলা চিঠি গণমাধ্যমে দিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক কায়ছার উদ্দিন বাপ্পি। এর পর ১লা জুলাই মঙ্গলবার আলীকদম বাজার পরিচ্ছন্ন অভিযানে আসেন বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য সাইফুল ইসলাম রিমন।
এসময় অভিযোগ করে কায়ছার উদ্দিন বাপ্পি বলেন, আলীকদম বাজার যা একটি প্রথম শ্রেণির বাজার হিসেবে পরিচিত। বর্তমানে চরম অপরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছে। বিগত এক মাস ধরে বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রয়েছে। এনিয়ে ব্যবসায়ী/স্থানীয় ও পথচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং বাজার চৌধুরী আবু বক্করের কথিত গাফিলতি কে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন ব্যবসায়ী ও পথচারীরা।
তিনি বলেন, বাজারের পরিচ্ছন্নতার জন্য দুজন পরিচ্ছন্ন কর্মী থাকার পরেও গত এক মাস ধরে একজনও কর্মরত নেই। বিষয়টি বাজার চৌধুরী আবু বক্করকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি, এমনকি তার অনুপস্থিতিতেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ব্যবসায়ীরা ইজারা ও খাজনা প্রদান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন বাজার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, আলীকদম বাজার প্রথম শ্রেণির বাজার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থানের ব্যবস্থা করেনি জেলা পরিষদের বাজার ফান্ড প্রশাসন। এমনকি জেলা পরিষদ নিয়মিত আলীকদম বাজার থেকে ইজারা এবং খাজনা সংগ্রহ করলেও সংগৃহীত ফান্ডের ২০ শতাংশ বাজারের উন্নয়নের জন্য খরচ করার কথা থাকলেও কার্যত ১ শতাংশও আলীকদম বাজারে খরচ করা হয়নি বলেও অভিযান তুলেন ব্যবসায়ীরা।
আলীকদম বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে সংকট সমাধানে জেলা পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নেতারা।
এবিষয়ে আলীকদম বাজার চৌধুরী আবু বক্কর জানান, বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার চিঠিপত্র দেওয়া হচ্ছে এখনো কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন।
বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সাথে ছিলেন, আলীকদম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক কায়ছার উদ্দিন বাপ্পি। আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন।