কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নম্বর পোল্ডারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ স্লুইজ গেট ও সংলগ্ন রেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্ধভাঙা অবস্থায় থাকা এই স্লুইজ গেট যেকোনো সময় সম্পূর্ণভাবে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে সামান্য ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চেয়েও অতিরিক্ত পানিতে পুরো বেড়িবাঁধসহ স্লুইজ গেটটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে অন্তত ৮ থেকে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়বে। প্লাবিত হতে পারে বিস্তীর্ণ কৃষিজমি, ব্যাহত হবে চলাচল ও কৃষিকাজ।
স্থানীয়ভাবে ‘কালামের স্লুইজ গেট’ নামে পরিচিত এ স্থাপনাটি লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সম্প্রতি নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের চাপে স্লুইজ গেটটি ও সংলগ্ন বেড়িবাঁধের বড় একটি অংশ ভেঙে গেছে। বর্তমানে স্বাভাবিক জোয়ারেও এলাকাটি ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় বাসিন্দা বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগম জানান, স্লুইজ গেটটি এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে যেকোনো সময় তা সম্পূর্ণ ধসে পড়ে আশপাশের গ্রামে পানি ঢুকে পড়তে পারে। এতে কৃষিকাজ বন্ধ হয়ে বিপাকে পড়বেন এলাকার খেটে খাওয়া মানুষজন। তারা দ্রুত সংস্কারের দাবি জানান।
লালুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মাসুদ বলেন, “বেড়িবাঁধ সংলগ্ন স্লুইজ গেটটির অবস্থা খুবই নাজুক। দ্রুত সংস্কার না হলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়বে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, “বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকার ৪৭/৫ নম্বর স্লুইজ গেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে—এ বিষয়ে আমরা অবগত। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/রাহাত/মিজান