Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৫ , ৬:০৩ অপরাহ্ণ

বড়াইগ্রামে কোন ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা?

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজে চলমান এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল নেতা রাকিব সরদার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, পরীক্ষাকক্ষের সামনে ঘোরাঘুরি করছেন তিনি।

রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি নেতা সরদার রফিকুল ইসলামের পুত্র। তার কোনো প্রশাসনিক দায়িত্ব না থাকা সত্ত্বেও কীভাবে তিনি কেন্দ্রে ঢুকলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকসহ সচেতন মহল।

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “যারা দায়িত্বে ছিলেন, তাদের বরখাস্ত করা হয়েছে এবং যে ব্যক্তি পরীক্ষার হলে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে বলা হয়েছে।”

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আমি এখনো লিখিতভাবে কিছু পাইনি। তবে লিখিত কাগজ পেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

সচেতন নাগরিকরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/সাহাবুল

প্রিন্ট করুন