আজকালের কন্ঠ ডেস্ক : আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে (সিলেবাসে) অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।
সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) এ সংক্রান্ত নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে জানায়। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এনসিটিবির এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।
এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণসময় ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি।
আসলে এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণসময় ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায়। কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং অভিভাবকরা বারবার আমাদের কাছে এ পরীক্ষার নিয়ে জানতে চাচ্ছিলেন। তাই আমরা ওই নির্দেশনা জারি করেছি। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায় এনসিটিবি।