Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৫ , ৪:২২ অপরাহ্ণ

ময়মনসিংহে ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৮

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ জব্দ করা হয়।

ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ধরনের সফল অভিযানে ময়মনসিংহবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো

প্রিন্ট করুন