Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৩, ২০২৫ , ২:২৫ অপরাহ্ণ

আন্তজেলা বাস চোরচক্রের দুই সদস্য আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশের তৎপর অভিযানে আন্তজেলা বাস চোর চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে।

গত শনিবার (২১ জুন) ফুলবাড়িয়া উপজেলা সদরের লাহিড়ীপাড়া মিলেনিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে আলম এশিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়িয়ার উজানপাড়া এলাকার শাহাদত হোসেন (২২) ও ময়মনসিংহ শহরের আরিফ ইসলাম নিলয় (২০)। আটক দুই চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রোকনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর নিলয় বাস চুরির বিষয়টি স্বীকার করেছে এবং জানায়—তাদের লক্ষ্য ছিল ময়মনসিংহ থেকে একে একে অন্তত ১০টি বাস চুরি করা। পুলিশ চক্রের মূল হোতা শাহাদত হোসেনের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।

তিনি আরও জানান, এই চক্রের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ফুলবাড়িয়া থানার আওতায় যানবাহন চুরির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো

প্রিন্ট করুন