Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৫ , ৭:২০ অপরাহ্ণ

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে গলাকেটে হ’ত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ ঘরে সিতারা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২১ জুন) ভোর রাতের দিকে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপূর ও সোনাইমড়ুীর বজরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিতারা বেগম একই এলাকার মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোরশেদ আলম ওরফে মুন্সি (৩২) ও কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিনয়নগর গ্রামের মৃত নুর নবী খোকনের ছেলে মো.মাহফুজুন নবী সুজন (৩৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে চুরি করতে গিয়ে সিতারা বেগমকে গলাকেটে হত্যা করে চোরেরা। পরে শনিবার ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জের দূর্গাপূর এলাকা থেকে আসামি মোরশেদ আলম ওরফে মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেয়া তথ্যমতে মুন্সীর বসতঘর থেকে সিতারা বেগমের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, কয়েকটি প্রিন্ট শাড়ি, জামাকাপড় ও ১টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতের দিকে সোনাইমুড়ীর বজরা বাজার এলাকা থেকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামি সুজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় দা, একটি স্ক্রু ডাইভার, একটি এনড্রয়েড ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, চোরকে চিনে ফেলায় ওই নারীকে গলাকেটে হত্যা করা হয়। আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার প্রধান আসামি সুজন ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন