Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৫ , ৪:০৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গিয়ে গুরুতর আ;হত

লেখকঃ আজকালের কণ্ঠ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পৌরসভার কার্য-সহকারী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উলিপুর পৌরসভার রামধাস ধনিরাম নুরপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমতি ও নির্মাণবিধি না মেনে বহুতল ভবন নির্মাণ করে আসছিলেন। এ নিয়ে প্রতিবেশী মমিনুল ইসলাম প্লাবন পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে, পৌর প্রশাসকের নির্দেশে কার্য-সহকারী গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে ভবনের নির্মাণবিধি সম্পর্কে জানতে চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গোলাম মোস্তফাকে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত গোলাম মোস্তফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানিয়েছেন, তার শরীরে গুরুতর চোট রয়েছে।

এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে সহকারী কর নির্ধারক রাকিবুল ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সাইফুল ইসলাম দাবি করেছেন, গোলাম মোস্তফা পা পিছলে পড়ে গেছেন, তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ সঠিক নয়।এদিকে, ঘটনার পর পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনায় দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

প্রিন্ট করুন