নিজস্ব প্রতিবেদক : পানি ভবনের সভাকক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম এর উপস্থিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে “ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা প্রকল্প (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে ঢাকা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা MoU তে স্বাক্ষর করেন।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে কেরাণীগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা নিশ্চিত হবে। খালপাড়ের উন্নয়ন ও সুরক্ষার মাধ্যমে অবৈধ দখল ও দূষণ হ্রাস পাবে, যা খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সহায়ক হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই অবকাঠামো গড়ে উঠবে এবং এলাকাটি হবে পরিকল্পিত ও নান্দনিক। এতে কৃষি, ব্যবসা, যোগাযোগ ও বসবাসযোগ্য পরিবেশের উন্নয়ন ঘটবে, যা স্থানীয় জনগণের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর এ সম্মিলিত উদ্যোগে কেরাণীগঞ্জ অঞ্চলের টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।