মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ইন্দুরকানি-সন্ন্যাসী মহাসড়কের চন্ডিপুর বাজার সংলগ্ন মালবাড়ী ষ্টীল ব্রীজটি কয়লা বোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি ব্রীজ সম্পূর্ণরূপে ভেঙে মালবাহী ট্রাক সহ ব্রিজটি পানির নিচে নিমজ্জিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯জুন)দিবাগত রাত আড়াইটার দিকে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ইন্দুরকানি উপজেলার সাথে কলারন,সন্ন্যাসী,মোরেলগঞ্জ ও মোংলার সাথে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়নের কঁচা নদীর তীরে অবস্থিত আরওয়ান ব্রিকস এর আমদানিকৃত প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি ঝুঁকি নিয়ে বেইলি ব্রিজ পার হওয়ার সময় অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ট্রাক বোঝাই মালসহ ব্রীজটি সম্পূর্ণ রূপে ভেঙ্গে পানির নিচে নিমজ্জিত হয়। ০৫ টনের অধিক মালবাহী ট্রাক সহ যে কোন যানবাহনের পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে পার হলে এ দুর্ঘটনা ঘটে।
ব্রীজটি ভেঙে পড়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ব্রীজটি নাজুক অবস্থায় ছিল,ঝুঁকি নিয়ে জনসাধারণ ও ছোট যানবাহন চলাচল করতো। বারবার সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা শুধুমাুএ ০৫ টনের অধিক মালামাল পারাপার নিষিদ্ধের সাইনবোর্ড টানিয়ে দায় মুক্ত। এ ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়কের সেতুটি বছরের পর বছর এরকম নাজুক অবস্থায় থাকা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে এলাকাবাসীর জানিয়েছেন। ব্রীজটি নাজুক থাকায় কলারণ সন্ন্যাসী খেয়াঘাট পর্যন্ত পরিবহন,বড় যানবাহন চলাচল নিষিদ্ধ থাকায় অত্র এলাকার জনসাধারণ নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিল। বর্তমানে ব্রীজটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ায় যানবাহন তো দূরের কথা জনসাধারণের এপার থেকে ওপারে পার হওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,”দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুটি পরিদর্শনপূর্বক অতি দ্রুত প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।”