ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে।
জানা যায়, যৌথ বাহিনী নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মহাসড়কে সন্দেহজনক দুজন ব্যক্তিকে থামায়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একপর্যায়ে মানুষের কঙ্কাল পাওয়া যায়। তল্লাশির সময় হঠাৎ ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে, একজন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয়দের সহযোগিতায় অন্য একজনকে আটক করা সম্ভব হয়।
আটককৃত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা না গেলেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কঙ্কাল কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, এসব নিয়ে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত জানাতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।