কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ, পর্যটন অবকাঠামো এবং সৈকতের খাস জমি ব্যবস্থাপনার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কুয়াকাটায় পৌঁছেই তিনি সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বৈরী আবহাওয়া ও ভারি বর্ষণের মধ্যেও উপদেষ্টার এই পরিদর্শন এলাকায় বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়।
পরিদর্শন শেষে আলী ইমাম মজুমদার কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার প্রশংসা করে বলেন, “কুয়াকাটা একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এখানে পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।” তিনি খাস জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যটনবান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তাঁর সঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।