শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী জেলা কারাগারে মাদক সরবরাহকালে গাঁজাসহ আটক কারারক্ষী মো. সালমানকে (২৮) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ওইসময় নীলফামারী জেলা কারাগারের দায়িত্ব পালনের জন্য সালমান শাহ উপস্থিত হন। কারা অভ্যন্তরে প্রবেশের আগে প্রধান ফটকে সহকারী প্রধান কারারক্ষী মো. শহিদুল ইসলাম তার দেহ তল্লাশি করেন। এ সময় সালমান শাহের ইউনিফর্মের নিচে, ডান পায়ের হাঁটুর নিচে টাইটস প্যান্টের ভাঁজে লুকানো অবস্থায় ৮ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়।
ঘটনার পরপরই গেটরক্ষী মো. আব্দুল মাজেদ তাৎক্ষণিকভাবে জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এসময় অভিযুক্ত কারারক্ষী সালমান শাহকে আরপি গেটের বাইরে রাখা হয়। পরে বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্ত করে।
পরে তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ডিজিটাল বাটখারায় মেপে গাঁজার পরিমাণ ৮ গ্রাম নির্ধারণ করে, যার বাজার মূল্য আনুমানিক ৮০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজাটি জব্দ তালিকাভুক্ত এবং কারারক্ষীকে আটক করে থানায় নেয়া হয়।
নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন কারারক্ষী কারাগারের ভেতরে গাঁজা সরবরাহ করে আসছেন। তাদের একাধিকবার বাধা দেয়া হয়েছে। এর মধ্যেই আজকে সালমান শাহকে আটক করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃত কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সালমান শাহ জানিয়েছেন যে, ব্যক্তিগত সেবনের উদ্দেশ্যেই গাঁজাটি সঙ্গে রেখেছিলেন।