Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৫ , ১১:৪২ পূর্বাহ্ণ

মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীসহ কুয়াকাটার উপকূলীয় এলাকায় গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যা অব্যাহত রয়েছে আজ বুধবারও।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়া উপজেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শহরের কিছু রাস্তাঘাটেও পানি জমে যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় আরও অতিভারী বৃষ্টি ও দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছধরায় নিয়োজিত ট্রলার ও নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন