Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৭, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ

সংগ্রামী মা নাজমার হাতে চায়ের কাপে ভবিষ্যতের গল্প

লেখকঃ আজকালের কণ্ঠ

শেখ মোঃ দীন ইসলাম, ব্যুরো চীফ ময়মনসিংহ : প্রতিদিন ভোর হতেই যখন শহরের অধিকাংশ মানুষ ঘুমে বিভোর, তখনই নাজমা নামের এক সংগ্রামী নারী জীবনের চুলায় চায়ের কেতলি চড়ান। ময়মনসিংহ শহরের এক প্রান্তে গড়ে তুলেছেন একটি ছোট্ট চায়ের দোকান, যেখানে প্রতিটি চায়ের কাপে মিশে থাকে তার ঘাম, কষ্ট আর সন্তানের ভবিষ্যতের স্বপ্ন।

সাত সন্তানের জননী নাজমা— পাঁচ কন্যা এবং দুই পুত্র সন্তানকে মানুষ করতে জীবনের বহু কঠিন পথ পাড়ি দিয়েছেন। সমাজের বাঁকা চোখ, দারিদ্র্যের করাল গ্রাস, নানা প্রতিকূলতা সত্ত্বেও দমে যাননি কখনো। মাথা উঁচু করে সামনে এগিয়ে চলেছেন। প্রতিটি সকাল তার জন্য একটি নতুন যুদ্ধের সূচনা, আর প্রতিটি সন্ধ্যা একটি ক্ষণিক জয়ের প্রশান্তি।

চায়ের দোকানটির আয়ের ওপর ভর করেই চলছে তার সংসার, সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যতের স্বপ্ন। শুধু একজন মা নন, নাজমা যেন এক প্রতীক— নারী সাহস, আত্মত্যাগ ও অদম্যতা’র। সমাজের যেসব মানুষ মনে করেন, নারীরা শুধু ঘরেই সীমাবদ্ধ— তাদের জন্য নাজমা এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নাজমার জীবন কাহিনী আজ আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয়, সাহস, পরিশ্রম আর ভালোবাসা থাকলে সীমাবদ্ধতা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। এমন অসাধারণ মায়ের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

সাহসী নারী নাজমা— আপনি এক অনুপ্রেরণার নাম।

প্রিন্ট করুন