Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৬, ২০২৫ , ৭:৩৯ অপরাহ্ণ

গৌরনদীতে চাঁদা দাবির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী’র ঐতিহ্যবাহী টরকী ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির প্রতিবাদে সোমবার দুপুরে দোকানপাট বন্ধ রেখে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

চাল ব্যবসায়ী কালাচাঁদ মণ্ডল অভিযোগ করেন, সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার শফিকুর রহমান রেজাউল কয়েকদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার সকালে রেজাউল ও তার দুই সহযোগী বেলা সাড়ে ১০টার দিকে আবারও তার (কালাচাঁদ) দোকানে এসে চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে হত্যার হুমকি দেয়।

খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে টরকি বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন এবং দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে টরকী বাসস্ট্যান্ড এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের শান্ত করেন এবং অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, টরকী বন্দরে দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসায়ীদের নানাভাবে হুমকি-ধামকি ও চাঁদা দাবি করে আসছে। তারা অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সিকদার শফিকুর রহমান রেজাউল বলেন, আমি কারো কাছে কোনো ধরনের চাঁদা চাইনি। জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

প্রিন্ট করুন