Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ

কুয়াকাটার আবাসিক হোটেলে জুয়ার আসর, ৫ জন গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার ‘হোটেল সুপারস্টার’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার, কলাপাড়ার রহমতপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে লিটন, একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুদ এবং আলিপুর গ্রামের মৃত সোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার।

অভিযানের সময় কুয়াকাটার মৃত আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হোটেল সুপারস্টারে গোপনে জুয়ার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানে জুয়ার নগদ ৬২ হাজার ৫২ টাকা ও একটি রঙিন ‘আলফা ডন’ তাসের সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের রোববার (১৫ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন