Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২৫ , ১১:১১ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ গর্জন: ভরতপুর বিলের নিস্তব্ধতা ভেঙে দেয় গভীর রাতের স্লোগান

লেখকঃ আজকালের কণ্ঠ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নিশুতি রাত। নিস্তব্ধ ভরতপুর বিল—জোছনায় থমকে থাকা প্রকৃতি। হঠাৎ সেই নীরবতা ভেদ করে গর্জে ওঠে কয়েকটি কণ্ঠ “জয় বাংলা! শেখ হাসিনার সৈনিক আমরা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

এ যেন নিষিদ্ধ কোনো সংগঠনের হঠাৎ জেগে ওঠা।প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১০ থেকে ১৫ জন যুবক বিভিন্ন গ্রাম থেকে এসে রাত গভীরে অবস্থান নেয় বিলের উঁচু এক জায়গায়। কারও হাতে ব্যানার, পোস্টার বা মাইক ছিল না, ছিল না কোনো নেতৃত্বের স্পষ্ট রূপ। কিন্তু তাদের কণ্ঠে ছিল আগুন, গলায় ছিল পুরনো চেতনার গর্জন।

“শিক্ষা, শান্তি, প্রগতির মূলনীতি” এই স্লোগানও উঠে আসে তাদের মুখে।

স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি বলেন, “চোখে আগুন ছিল। ভয় নাই বলছিল বারবার… এ কী তবে নতুন কোনো শুরু?”

এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্যে পুনরাবির্ভাব রাজনৈতিকভাবে নতুন এক বার্তা দিচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলাম সারোয়ার বলেন, “ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তারা পলাতক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিশেষজ্ঞদের মতে, এই ‘স্লোগান’ শুধু কণ্ঠস্বর নয়, এটি হতে পারে রাজনীতির ঘুমন্ত আগুনের জ্বলে ওঠার ইঙ্গিত।

প্রিন্ট করুন