কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি ‘টিয়া মাছ’ বা প্যারট ফিশ। বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছ শিকারে গেলে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে এ মাছগুলো ধরা পড়ে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। চারটি মাছের মোট ওজন ৫ কেজি। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামে অংশ নিয়ে স্থানীয় এক পাইকারি ব্যবসায়ী আব্দুল্লাহ ৫০০ টাকা কেজি দরে মাছগুলো কিনে নেন।
আবু সালেক চট্টগ্রামের বাঁশখালী থেকে ‘আল্লাহর দোয়া-৪’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
স্থানীয়ভাবে মাছগুলোকে ‘টিয়া মাছ’ নামে ডাকা হলেও এর বৈজ্ঞানিক নাম Scarus zufar. বাংলাদেশে মাছটি খুব একটা দেখা যায় না। মৎস্য বিভাগ জানায়, সাধারণত মাছটি ওমানসহ দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং ১৯৯৫ সালে প্রথম শনাক্ত হয়।
মৎস্য বিভাগ মনে করছে, বঙ্গোপসাগরের পরিবেশগত পরিবর্তন ও জলপ্রবাহের কারণে মাছটি বাংলাদেশ উপকূলে ভেসে আসতে পারে।