Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

কাশিমপুরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর এলাকায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিকে জঙ্গল থেকে এক বৃদ্ধের, অপরদিকে ভাড়া বাসা থেকে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকার একটি জঙ্গল থেকে শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল বারেক (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে, জঙ্গলের ভেতরে লাশটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা একটি লুঙ্গি এনে মরদেহটি ঢেকে দেন। ঘটনাস্থল থেকে একটি নারীদের জুতা ও ব্যবহৃত একটি কনডম উদ্ধার করেছে পুলিশ।

অপরদিকে, একই থানার এনায়েতপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. আব্দুল্লাহ (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে আব্দুল্লাহকে ঘরের ভেতরে শুয়ে থাকতে দেখা গেলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। আজ দুপুর আনুমানিক ২টার দিকে সন্দেহ হলে তারা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

কাশিমপুর থানার ওসি জানান, দুটি ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। প্রাপ্ত আলামত বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

প্রিন্ট করুন