জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশীদ সর্দার ব্রিজ এলাকায় ১১ই জুন বুধবার রাত ৯ টা ৩০এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী দেওয়ান (৭৫)। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে পলাতক রয়েছে।
স্থানীয়দের থেকে জানা যায়, তাঁর ছোট ছেলে মামুন (৩৫) পিতার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে বিরোধে জড়িত ছিলেন। বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হযরত আলী দেওয়ানের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকাটি ছিল প্রায় ফাঁকা। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের হাতে পিতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত মামুনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।