
মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলাধীন আলীকদমে পোয়ামুহুরী সীমান্তে গরু আনতে গিয়ে অপহরণের শিকার মো. দুলাল মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ (১১ জুন) বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইদ্রিস কারবারি পাড়া এলাকার বাসিন্দা, মৃত এজাহার হোসেনের ছেলে মো. দুলাল মিয়াকে গরু কেনা-বেচার প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমার এর নাগরিক অপহরণ করে। তারা তাকে সীমান্তের ৫৪-৫৫ নং পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায়।
পরবর্তীতে ১০ জুন বিকালে ৩টার দিকে বিজিবি’র একটি টহল দল স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে, দুলাল মিয়া মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক রয়েছেন। এতথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপির (বর্ডার আউটপোস্ট) কমান্ডার নায়েক সুবেদার হারুণ অর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে।
উল্লেখযোগ্য হচ্ছে, এই অভিযানে কোনো ধরনের মুক্তিপণ প্রদান ছাড়াই দুলালকে উদ্ধার করা হয় এবং বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। পরে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে দুলাল মিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :