মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আলীকদম উপজেলা সদরের অসহায় ব্যক্তি এবং অনাথ শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত বুধবার ৪ জুন ২০২৫ তারিখ আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী কর্তৃক আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনরায় তৈরীর জন্য সহায়ক সামগ্রী ক্রয়ের নিমিত্তে ০২টি অসহায় পরিবার মোসাঃ রেহেনা আক্তার এবং মোসাঃ লায়লা বেগমকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত মোঃ ইলিয়াস হোসেন এবং জটিল রোগে আক্রান্ত মোঃ সোলায়মানকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। অপরদিকে আলীকদম উপজেলার বাবুপাড়া গ্রামের পাহাড়ী অনাথ শিশুকে নগদ টাকা এবং সাথে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়।
এসময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। সেই সাথে বিজিবি’র এই মহতী কাজের জন্য সর্বস্তরের জনসাধারণ বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মানবিক কাজের অংশ হিসাবে এ সকল নিম্ন আয়ের মানুষদের পাশে “বিজিবি” সর্বদা রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালীর মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে।
তিনি আরো বলেন, আলীকদম ব্যাটালিয়ন পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র, বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগীতা প্রদান করে আসছে।