ব্যুরো চীফ ময়মনসিংহ : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সরবরাহকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরী এবং সুগন্ধা আবাসিক এলাকায় পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নকল যৌ’ন উ’ত্তে’জ’ক ঔষধ জব্দ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ঔষধ প্রশাসনের একটি সমন্বিত দল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব ঔষধ অনুমোদনহীনভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
অভিযানের সময় কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ, কাঁচামাল এবং প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।” ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়েছে, অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধে নিয়মিত তদারকি বাড়ানো হবে।
জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, সন্দেহজনক ঔষধ বা উৎপাদন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।