মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রামে) প্রতিনিধি : চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন রিপন নামের এক ব্যক্তি। ১ লা জুন (রবিবার) সকাল ১১টায় মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, রিপন বাড়ির পাশে গোয়াল ঘরে কাজ করছিলেন, এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে চট্টগ্রাম নিয়ে যেতে বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম থাকলেও প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তা প্রয়োগ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে নৌ-পথে হাসপাতালে নেওয়ার পথে সময় ক্ষেপণের কারণে তার অবস্থার অবনতি হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন,সঠিক চিকিৎসা অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটছে। তারা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,সম্প্রতি গাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: জুয়েল কাজ শেষে বাড়ি ফেরার পথে সাপে কামড়ান। তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়,পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এন্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নৌ-পথে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।