কুয়াকাটায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সৈকতের ফটোগ্রাফাররা | Daily AjKaler Kontho

কুয়াকাটায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সৈকতের ফটোগ্রাফাররা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
কুয়াকাটায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সৈকতের ফটোগ্রাফাররা
মোঃ মিজান, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : সাগরকন্যা কুয়াকাটার পেশাদার ফটোগ্রাফাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে সৈকতে পর্যটকদের তাৎক্ষণিকভাবে ছবি সরবরাহ এবং স্টুডিও বন্ধ করার নির্দেশনার প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সৈকতের শতাধিক ফটোগ্রাফার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফটোগ্রাফারদের পক্ষে মোকলেছুর রহমান বাবু জানান, গত ৩১ মে, বিকেলে পর্যটন হলিডে হোমসে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে সৈকতে বসে পর্যটকদের মাঝে তাৎক্ষণিকভাবে (অটিজি) ছবি সরবরাহ এবং স্টুডিওগুলো বন্ধের জন্য ৩ জুন পর্যন্ত তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
ফটোগ্রাফাররা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাদের অধিকাংশের নিজস্ব কোনো ক্যামেরা নেই। স্টুডিও থেকে ক্যামেরা ভাড়া নিয়ে আমরা পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করি। প্রত্যেক ক্যামেরা ম্যানের প্রায় ৪০-৫০ হাজার টাকা দাদন (ঋণ) রয়েছে। নিজেদের পুঁজি নেই, নতুন করে ডিজিটাল ক্যামেরা কেনার সামর্থ্যও নেই।’
তারা আরও জানান, কুয়াকাটা সৈকতে বর্তমানে ২২১ জন পেশাদার ফটোগ্রাফার ও ২৫টি স্টুডিও রয়েছে। উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে সবাই বেকার হয়ে পড়বেন এবং তাদের পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে।
ফটোগ্রাফাররা দাবি করেন, তাদের কথা না শুনেই একতরফাভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো ছবি তোলার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি তারা তাৎক্ষণিক ছবি সরবরাহের কারণে পর্যটকদের হতে পারে এমন অসুবিধা সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন।
সংবাদ সম্মেলনে শতাধিক ফটোগ্রাফার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম বলেন, এটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত এটা বাস্তবায়ন হবেই।