ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভুয়া ভিসা ও বিমান টিকিট দিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪২)। তিনি স্থানীয়ভাবে আদম ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
র্যাব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান জানান, শফিকুল ইসলাম দুই ব্যক্তিকে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। তিন বছর পার হলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি।
ভুক্তভোগীরা জানান, তারা দোকান ও মোটরসাইকেল বিক্রি করে এবং সুদের টাকায় শফিকুলের হাতে টাকা তুলে দেন। শফিকুল বিভিন্ন ভুয়া এয়ারলাইন্সের নামে নকল ভিসা, বিমানের টিকিট ও ওয়ার্ক পারমিট দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করেন।
পরবর্তীতে ভুক্তভোগীরা র্যাবের কাছে অভিযোগ করলে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে বৃহস্পতিবার রাতে শফিকুলকে গ্রেফতার করে।র্যাব জানায়, তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং তাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।