Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৯, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে মুষলধারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালী জেলায় গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের পর গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। পটুয়াখালীর কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে সবজি ও অন্যান্য কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক ও গ্রামীণ বাসিন্দারা ক্ষতির আশঙ্কায় উৎকণ্ঠায় দিন পার করছেন।

এদিকে, বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলে সাগর উত্তাল হয়ে উঠেছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন।

 

 

 

প্রিন্ট করুন