উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত | Daily AjKaler Kontho

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোংলা প্রতিনিধি : উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার ভোর থেকে মোংলায় দফায় দফায় ভারী বর্ষণ হয়েছে। তবে সকাল গড়াতেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলেও আকাশজুড়ে ছিল মেঘের ঘনঘটা।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশীদ বলেন, “লঘুচাপের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এটি দ্রুত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আপাতত নেই। তবুও সার্বিক আবহাওয়া পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকলেও মোংলা বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

মোংলা বন্দরের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, “আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূলে থাকায় বন্দরের সব ধরনের জাহাজে পণ্য ওঠানামা ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।এদিকে, সমুদ্রগামী নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় জেলেদের মাঝেমধ্যেই খেয়াল রাখতে বলা হয়েছে আবহাওয়ার হালনাগাদ বিজ্ঞপ্তির দিকে।