জবি প্রতিনিধি : ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ “এইচআর ট্রেন্ডস অ্যান্ড ক্যারিয়ার” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। মানবসম্পদ ব্যবস্থাপনার পরিবর্তনশীল ধারা ও চাকরি বাজারে ক্যারিয়ার গড়ার কৌশল বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারটি ২৫ মে ইইউবি’র ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।
বক্তব্য পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইস্তিয়াক উদ্দিন, পিএইচডি গবেষণা ফেলো। তিনি এইচআর-এ তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বাস্তবধর্মী বিশ্লেষণী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অপর আলোচক মোঃ আশকুল আরিফিন পাটোয়ারী, একজন প্রতিষ্ঠিত কর্পোরেট এইচআর প্রধান, মানবসম্পদ পেশার বাস্তব চ্যালেঞ্জ ও প্রস্তুতির নানা দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক এইচআর স্কিল অর্জনের পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিনা সুলতানা পমি, চেয়ারম্যান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তিনি বলেন, “এই সেমিনার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও পরিবর্তনশীল চাকরি বাজারের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি ও প্রয়াসের অংশ। আমি বিভাগটির এমন উদ্যোগের প্রশংসা করছি।”
সেমিনার সফলভাবে আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাপসী আক্তার, তারিনা কামাল , মোঃ সোহেল রানা এবং শাফিয়াতুর মারিয়া।
তাপসী আক্তার বলেন, “এই আয়োজন একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মাঝে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।”
তারিনা কামাল জানান, “এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের গ্লোবাল এইচআর ট্রেন্ড সম্পর্কে হালনাগাদ থাকতে সহায়তা করে।”
মোঃ সোহেল রানা বলেন, “আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতমুখী এইচআর দক্ষতা অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শাফিয়াতুর মারিয়া বলেন, “শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই সেমিনারকে অর্থবহ করেছে।”
সেমিনারটি ইইউবির এইচআরএম বিভাগের পেশাগত দক্ষতা উন্নয়ন ও শিল্প খাতের সঙ্গে সংযোগের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত হয়েছে।