জবি প্রতিনিধি : আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক কর্মশালা ও নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে অনুষ্ঠিত এই দু’দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
সোমবার (২৬ মে) পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে আয়োজনের দ্বিতীয় দিন শেষে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উদীয়মান ছাত্রনেতারা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট এবং একদলীয় শাসনব্যবস্থার বিপরীতে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের অধিকারসুনিশ্চিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদল একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের গণতান্ত্রিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “সুশাসন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অংশগ্রহণে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সামনে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, ছাত্র রাজনীতির ইতিবাচক দিক, দায়িত্বশীল নেতৃত্ব গঠনের কৌশল, এবং শিক্ষাঙ্গনে ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কার্যকর রূপরেখা।
প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের অনুপ্রেরণা জাগাতে পেরেছে কর্মশালাটি।###