জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সোসাইটি’।
গতকাল শনিবার (২৫ মে) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ২৪ মে রাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নিজ এলাকায় মেহেদী হাসান পরিকল্পিতভাবে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংগঠনের দাবি অনুযায়ী, হামলাকারীরা নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং এর নেতৃত্বস্থানীয় পর্যায়ের সদস্য। হামলাটি নিছক সহিংসতা নয়, বরং একজন প্রগতিশীল ও মতপ্রকাশে সক্রিয় শিক্ষার্থীর কণ্ঠরোধের হীন চেষ্টা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “এই হামলা একজন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী আক্রমণের পাশাপাশি, তার মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। এটি রাষ্ট্রীয়ভাবে গ্যারান্টিকৃত মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।”
হিউম্যান রাইটস সোসাইটি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আহত মেহেদী হাসানের দ্রুত আরোগ্য কামনা ও তার প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “আমরা অতীতেও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। সমাজে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে উঠেছে।