জবি প্রতিনিধি: দেশজুড়ে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের প্রেক্ষাপটে হিট স্ট্রোক ও অন্যান্য তাপজনিত অসুস্থতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। রোববার ‘Beat the Heat’ শিরোনামে এ প্রচারণা চালায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
প্রচারণায় শিক্ষার্থীরা তুলে ধরেন— হিট স্ট্রোকের ঝুঁকিতে কারা, কীভাবে তা প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত হলে তাৎক্ষণিক কী করতে হবে। তারা বিশেষভাবে গুরুত্ব দেন পর্যাপ্ত পানি পান, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা, রোদ এড়িয়ে চলা এবং শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের প্রতি বাড়তি নজরদারির ওপর।
এ ছাড়া শিক্ষার্থীরা হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা পরিবেশে সরিয়ে নেওয়া, মাথায় পানি ঢালা এবং চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান পিয়াস বলেন, “চলমান তীব্র গরমে ক্লাসে আসা-যাওয়া করাটাই বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ খুবই সময়োপযোগী উদ্যোগ। এতে শিক্ষার্থীরা যেমন নিজেরা সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারছে, তেমনি অন্যদেরও সচেতন করতে পারছে।”
একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া বলেন, “হিট স্ট্রোক বিষয়ে আমাদের অনেকেরই ধারণা সীমিত। লিফলেটের মাধ্যমে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরায় আমরা বাস্তবে কী করণীয়, তা জানতে পারছি। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই গ্রহণ করা উচিত।”