
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটায় আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের ওপর নির্মিত একটি সেতু হঠাৎ ধসে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিকট শব্দে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে করে দুই পাড়ের অন্তত ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এবং কুয়াকাটাগামী পর্যটকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
সেতুটি ভেঙে পড়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে বন্ধ হয়ে গেছে ওই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা সড়কপথটি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, রোগীরা এবং কর্মজীবী মানুষ।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৪ সালে সেতুটি নির্মাণ করে। তবে গত পাঁচ বছর ধরে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা একাধিকবার সংস্কারের প্রস্তাব দিয়েছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে এতদিন পারাপার হচ্ছিল। এখন সেটিও বন্ধ হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসন এবং এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, “ভেঙে যাওয়া সেতুটিসহ উপজেলার পাঁচটি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।”স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে তাদের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা যায়।
আপনার মতামত লিখুন :