নিজস্ব প্রতিনিধি : ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
রবিবার ( ১৮ এপ্রিল) বিকেল ৪ টায় জাবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাবি ছাত্রদলের এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘ সাম্য ছিলেন একজন জুলাই যোদ্ধা। তার এমন মৃত্যু একদমই কাম্য নয়। জুলাই পরবর্তী সময়ে আশা করেছিলাম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে হত্যা করা হলেও অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, ‘আজ পাঁচ দিন হয়ে গেলেও সাম্য হত্যার বিচারের কোনো অগ্রগতি নেই। যতদিনে সাম্য হত্যার বিচার নিশ্চিত না করা হবে ততদিনে আমরা রাজপথ ছাড়বো না ।’শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘সাম্যের সাথে যে অন্যায় হয়েছে আমরা তার প্রতিবাদে এখানে সমবেত হয়েছি।
এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, নিরাপদ ক্যাম্পাস আমাদের অঙ্গীকার।সাম্যের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার মাধ্যমে আমরা যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছি তা পূরণ হোক।’এছাড়াও তারা এসময়ে নিরাপদ ক্যাম্পাসের দাবির পাশাপাশি ঢাবির প্রক্টর ও উপাচার্যের পদত্যাগের দাবি জানায়।