Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৭, ২০২৫ , ৮:৪২ অপরাহ্ণ

গোয়েন্দা ও সাংবাদিকদের ওপর কাপাসিয়ায় সন্ত্রাসী তাণ্ডব

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় বিএনপির এক মতবিনিময় সভা ঘিরে সাংবাদিক ও গোয়েন্দা সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দু’টার দিকে এ হামলায় যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেন (২৬)‑সহ অন্তত ১২ জন আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ভাঙচুর ও লুটপাট করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গুরুতর আহত রকিকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুপুর সোয়া দেড়টার দিকে কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান; প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম। সভা শেষ হওয়ার আধা ঘণ্টা পরে ২০‑২৫টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা নেতা‑কর্মীরা এসে “শাহ রিয়াজুল হান্নান” নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেল, চেয়ার‑টেবিল, মাইক ও সাউন্ড সিস্টেম ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে।

চোখের সামনে সহকর্মীকে নির্দয়ভাবে পিটিয়ে মাটিতে ফেলে রাখার পর হামলাকারীরা যমুনা টিভির সম্পদ লুট করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দায়িত্বে থাকা কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম দাবি করেন, “আমরা শান্তিপূর্ণ সভা করেছি। অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানকে অতিথি করা হয়নি—এ কারণেই প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আহত সাংবাদিকদের সহকর্মীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও লুট করা সরঞ্জাম উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে; সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের না হলেও প্রস্তুতি চলছে বলে থানা‑সুত্রে জানা গেছে।

প্রিন্ট করুন