জামাল কাড়াল, বরিশাল : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন- মাদকদ্রব্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তির জন্য একটা অন্যতম সমস্যা। ইদানীং মাদকের সর্বনাশা থাবায় আমাদের প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ধ্বংস পথে গ্রাস করে নিচ্ছে একের পর এক প্রজন্মকে। শুরুতে মাদক ক্রয় বিক্রয় বন্ধ করতে ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে। যারা ধরিয়ে দিবে তাদের পুরস্কার দেওয়া হবে। শুরুতে কাউনিয়া এলাকা পর্যায়ক্রমে বরিশালের সর্বত্র স্থানে এমন অভিযান চলবে।
নগরীর ১ নং ওয়ার্ডস্থ সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল পশ্চিম কাউনিয়ার যুব সমাজ ও এলাকাবাসী আয়োজনে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা সভায় তিনি ওই সব কথা বলেন।তিনি আরো বলেন, মাদক সেবনের ফলে তরুণ ও যুবসমাজ তাদের জীবনীশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা-মনন হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। হতাশায় নিমজ্জিত যুবসমাজের সম্ভাবনাময় ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত।ফলে এসব তরুণ-যুবক জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বাগিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব, মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান চুন্নু, মহানগর বিএনপি নেতা খাইরুজ্জামান সেলিম , কারিগর বিরিজ সেক্রেটারি আব্দুল হালিম হাওলাদার, প্রধান শিক্ষক শিকদার মো. শফিউল আজম, কাউনিয়া থানার সেকেন্ড অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শতাধিক নারী-পুরুষ সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, মাদকের কারণে আমাদের দেশের তরুণ ও যুবসমাজ আজ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন। মাদকাসক্তরা চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ধ্বংস করছে তাদের জীবন। যা প্রতিরোধ করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ এগিয়ে আসতে হবে।