Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৩, ২০২৫ , ৬:১৮ অপরাহ্ণ

ক্যাম্পাসে বিনামূল্যে কুরআন বিতরণ করলো জবি ছাত্রশিবির

লেখকঃ আজকালের কণ্ঠ

জবি প্রতিনিধি: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান আয়োজকরা।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই কার্যক্রম চলে।আয়োজকরা জানান, প্রথম দিনেই ১৩০ জনের বেশি শিক্ষার্থী কোরআন সংগ্রহ করেছেন এবং এই কার্যক্রম আগামী তিন দিন পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রায়হান ব্যাপারী বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থী, অনেকেই আরবি বুঝি না। তাই ছাত্রশিবির অর্থসহ কোরআন বিতরণ করছে, যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। এতে করে আমরা সহজেই কোরআনের মর্ম বুঝে পড়তে পারছি।”

জবি শিক্ষার্থী নাহিদ হাসান রাছেল বলেন, “ঢাকায় এসে অনেক শিক্ষার্থী কোরআন পড়া থেকে দূরে সরে যায়, বিশেষ করে মেসে থেকে পড়াশোনার সুযোগ না থাকায়। তাই এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয়।”

জবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা কোরআন পড়ুক, বুঝুক এবং তা বাস্তব জীবনে অনুসরণ করুক। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, রমজান মাসে জবি শিবির ২৫০০ কোরআন শরীফ শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়ার উদ্যোগ নেয়। সে সময় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১০০০ আবেদন পড়ে। তবে ছুটির কারণে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তখন সকলের হাতে কোরআন পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। সেই শিক্ষার্থীদের জন্যই এবার কোরআন দিবস উপলক্ষে নতুন করে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট করুন