কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর মহিপুর বড়ইতলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা গ্রাম মহিপুর থানাকে খবর দেয়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বড়ইতলা নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা ও নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও মোটরসাইকেল চালক সুমন বলেন, “সকালে বাসা থেকে বেরিয়ে নদীর পাড়ে মানুষের ভিড় দেখে কাছে গিয়ে দেখি একটি মরদেহ ভেসে এসেছে। মৃতদেহটির গায়ে কোনো জামা ছিল না, পরনে শুধু একটি কালো প্যান্ট ছিল।”
স্থানীয়দের ধারণা, মরদেহটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটা ভাড়ানি খাল পেরিয়ে বড়ইতলা নদীতে এসে পৌঁছেছে। মরদেহটির বিভিন্ন অংশে পচন ধরেছে এবং আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “বড়ইতলা নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে আমরা নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার অভিযানে নামি। বর্তমানে মরদেহটি উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে।”মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।