Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৯, ২০২৫ , ৪:১২ অপরাহ্ণ

কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন—বাদশা ফরাজী পরিবারের বাদশা ফরাজী (৫০), বাদল ফরাজী (৫০), বকুল (৪৫), রাসেল (১৯), মানসুরা (৫০), কোহিনুর (৪০) এবং মিলন (২২)। অপরদিকে কুদ্দুস রাজি পরিবারের রুহুল আমিন (৩২), ইয়াকুব (৩৪), ও লাইলী (৫০)।

সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটার তুলাতলি-২, সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদশা ফরাজীর বাড়ির সামনে। আহতদের প্রথমে কুয়াকাটর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বাদশা পরিবারের আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমি ঘিরে পারিবারিক ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরেই। ঘটনার দিন বাদশা ফরাজী ও তার পরিবারের সদস্যরা প্রতিদিনের মত তাদের নিজ জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুস ফরাজী পক্ষের কয়েকজন লোক সেখানে এসে আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সংঘর্ষের সময় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কুয়াকাটা বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত উপসহকারী মেডিকেল অফিসার মোঃ রিয়াজ বলেন, আহতদের মধ্যে সাতজনের মাথায় বুকে আঘাত রয়েছে, যে কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কলাপাড়ায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে  মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, ‘ট্রিপল নাইন-এ, মারামারি সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, কুয়াকাটার বিভিন্ন এলাকায় জমিজমা নিয়ে বিরোধের ঘটনা প্রায়শই ঘটছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় এসব বিরোধ অনেক সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে।

প্রিন্ট করুন