Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৯, ২০২৫ , ৩:৪৪ অপরাহ্ণ

কুয়াকাটার উপকূল জুড়ে মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

লেখকঃ আজকালের কণ্ঠ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে দিশেহারা কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলের নিম্ন আয়ের মানুষ, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে জেলার সাধারণ মানুষের।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা গরমের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলেছে।
এই ভ্যাপসা গরমে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘর থেকে বাইরে পা রাখলেই যেন মনে হয় আগুন ঝরছে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোগান্তির যেন শেষ নেই। রোদ আর গরমে ঘামে ভিজে কাজ করতে হচ্ছে রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের। অনেকেই বাধ্য হয়ে দুপুরের কাজ বন্ধ রাখছেন।
গরমের এই তীব্রতায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরাও। বিশেষ করে মৌসুমী সবজি ও ফলের চাষিরা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। অতিরিক্ত গরমে চাষের জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই।
অন্যদিকে, অস্বাভাবিক এই গরমে জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া, চর্মরোগ ও হিট স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। চিকিৎসকদের মতে, রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
পটুয়াখালী মেডিকেল হাসপাতালের চিকিৎসক (ডাক্তার) মোঃ মশিউর রহমান জানান, প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন, যাদের বেশিরভাগই পানিশূন্যতা, ত্বকের সংক্রমণ ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৃদু তাপপ্রবাহ ও গরমের পরিস্থিতি আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে সর্তক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তারা।
প্রিন্ট করুন