অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিককে প্রশিক্ষণ দিল জবি প্রশাসন | Daily AjKaler Kontho

অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিককে প্রশিক্ষণ দিল জবি প্রশাসন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিককে প্রশিক্ষণ দিল জবি প্রশাসন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে( জবি) প্রথমবারের মতো অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিকের নিয়ে দিনব্যাপি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালনায় কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

“এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্টস: বিল্ডিং স্কিলস অ্যান্ড এথিকস ফর রেসপনসিবল জার্নালিজম” শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আইকিউএসি প্রতিষ্ঠার ১০ বছর পর এই প্রথমবার ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হলো। দক্ষ করে গড়ে তুলতে এবং নৈতিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা সবসময়ই থাকে, কিন্তু অনেক সময় প্রক্রিয়াগত জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায় না।”

উপাচার্য আরও বলেন, “সাংবাদিকদের উচিত তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সাংবাদিকতায় নীতি-নৈতিকতা অপরিহার্য। সততা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা বজায় রেখে রিপোর্ট করতে হবে। জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।”

জানা যায়, প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ৫০জনের বেশি ক্যাম্পাস সাংবাদিক। সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নৈতিক দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা।

জবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর ।

কর্মশালায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও পিআরআইপি দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং যমুনা টেলিভিশনের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার জনাব আখলাকুস সাফা কী-নোট স্পিকার হিসেবে গণমাধ্যমে নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা, সংবাদের সূত্র যাচাই ও গুজব এড়ানোর পদ্ধতি এবং সাংবাদিকদের জন্য করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

ক্যাম্পাস সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার দক্ষতা বাড়াতে এই কর্মশালাটির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পিআরআইপি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।